চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের আমানত ফেরতের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন গ্রাহক ও আমানতকারীরা। সোমবার সকালে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে আগ্রাবাদ বাদামতলী মোড়ে সমাবেশ শেষে এক্সিম ব্যাংকের একটি শাখায় তালা ঝুলিয়ে দেন তারা।
সেখান থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা ইউনিয়ন ব্যাংকে যান। সেখানে গিয়ে কর্মকর্তাদের বাইরে বের করে শাখায় তালা দেওয়া হয়। পরে একইভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখাতেও তালা ঝুলিয়ে দেন তারা।
একীভূত হওয়া পাঁচ ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।
ইউনিয়ন ব্যাংক আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক কায়সারুল আলম বলেন, সব গ্রাহক একসঙ্গে টাকা তুলতে এলে তাৎক্ষণিকভাবে পরিশোধ করা সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আন্দোলনের কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও তিনি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া নওশিন জান্নাত বলেন, তারা আন্দোলন করতে চান না, বরং জমা রাখা অর্থ ফেরত চান। এ ধরনের পরিস্থিতি গ্রাহকের আস্থা নষ্ট করছে এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
আরেক আমানতকারী নাজমুল হাসান জানান, ২০১৮ সালে তিনি ব্যাংকে টাকা রেখেছিলেন এবং আগে নিয়মিত মুনাফা পেয়েছেন। কিন্তু এখন ব্যাংক মুনাফা হয়নি জানিয়ে আসল টাকাতেই কাটছাঁটের কথা বলছে, যা গ্রাহকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এর আগেও রোববার খাতুনগঞ্জ এলাকায় একই দাবিতে বিক্ষোভ করেছিলেন আমানতকারীরা।
সাব্বির/চট্টলা২৪

