চট্টগ্রামে টানা ছয় দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যেই নতুন করে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (৩ মে) দুপুর ৩টা পর্যন্ত নগরজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত পতেঙ্গা আবহাওয়া অফিসে ৩০ দশমিক ০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
পূর্বাভাস কর্মকর্তা মো. ঈসমাইল হোসেন জানান, দিনের বেশিরভাগ সময় আকাশে কালবৈশাখীর মেঘ ছিল। তবে সব এলাকায় ঝড় হয়নি। যেখানে মেঘের ঘনত্ব বেশি ছিল, সেখানে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে আকাশে কালবৈশাখী মেঘের বিস্তার বেড়েছে এবং মেঘগুলো নিচের স্তরে নেমে আসছে। এ অবস্থায় রাত থেকেই ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সাব্বির/চট্টলা ২৪

