চট্টগ্রামের খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইনস গেট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশের এক এসআইসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (৪ মে) রাত ৮টার দিকে একটি রেস্টুরেন্টে চা-নাস্তা খাওয়াকে ঘিরে পুলিশের সঙ্গে দুই যুবকের বাগ্বিতণ্ডা থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছেন পুলিশের এসআই মাসুদ ও নুরুল আলম। অন্য আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আলম যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঘটনার পর খুলশী থানার সেকেন্ড অফিসারসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চট্টগ্রাম পুলিশ হাসপাতালে ভর্তি করে।
এদিকে আহত নুরুল আলমসহ আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
খুলশী থানার এসআই মামুন জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সাব্বির/চট্টলা ২৪

