চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের দায়ে ‘ক্লাসিকাল সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মোহাম্মদ আলী মুন্সির পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষা আইনে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত আতিক উল্লাহ চৌধুরী উপজেলার মোহাম্মদ আলী মুন্সি পাড়া এলাকার আকতার কামাল চৌধুরীর ছেলে বলে জানা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সাব্বির/চট্টলা২৪

