খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইমন হোসেন (২৫) পানছড়ির মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।
পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা বলেন, নিহত ইমন তাদের দলের সহযোগী সদস্য ছিলেন। নিরাপত্তাজনিত কারণে তিনি নিয়মিত বাড়িতে থাকতেন না। তবে বুধবার রাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়িতে যান। বৃহস্পতিবার সকালে ঘরের সামনে হাঁটাহাঁটির সময় ইউপিডিএফের (প্রসিত) সশস্ত্র সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করেন তিনি।
তবে এ ঘটনায় ইউপিডিএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দলের মুখপাত্র অংগ্য মারমা–র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সাব্বির/চট্টলা২৪

