চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ–এর সেলস ম্যানেজার ফয়সাল কবির মর্যাদাপূর্ণ “ম্যানেজার অব দ্য ইয়ার” সম্মাননায় ভূষিত হয়েছেন। তার অসাধারণ কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং হসপিটালিটি খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বোর্ড অব ডিরেক্টরসের সরাসরি ভোট ও সমন্বিত মূল্যায়নের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়েছে। মূল্যায়নের ক্ষেত্রে বার্ষিক সার্বিক পারফরম্যান্স, সেলস অর্জন, নেতৃত্ব, ক্লায়েন্ট সম্পর্ক ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান বিবেচনায় নেওয়া হয়।
ফয়সাল কবিরের কৌশলগত পরিকল্পনা, পেশাদার নেতৃত্ব এবং ধারাবাহিক কর্মনিষ্ঠা রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ–এর ব্যবসায়িক সম্প্রসারণ ও সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছে হোটেল কর্তৃপক্ষ।

