চট্টগ্রামে শিশুদের টিকাদান কর্মসূচিতে ওরাল পোলিও ভ্যাকসিন (ওপিভি) সংকট দেখা দিয়েছে। এক মাসের বেশি সময় ধরে নগর ও জেলার কোনো টিকাকেন্দ্রে এই টিকা না থাকায় অভিভাবকদের ফিরে যেতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইপিআই কর্মসূচির আওতায় ৬ থেকে ১২ সপ্তাহ বয়সী শিশুদের নির্ধারিত সময়েই ওপিভি টিকা দেওয়ার কথা থাকলেও বর্তমানে তা সরবরাহ না থাকায় নিয়মিত টিকাদান কার্যক্রমে বিঘ্ন ঘটছে। চট্টগ্রাম নগর ও জেলায় প্রতি মাসে প্রায় দেড় লাখ ডোজ ওপিভি টিকার প্রয়োজন হয়, যা শিশুদের মুখে খাওয়ানো হয়।
জেলা টিকাকেন্দ্রের তত্ত্বাবধায়ক জয়নাব বেগম জানিয়েছেন, কিছুদিন ধরে ওপিভি টিকা পাওয়া যাচ্ছে না, তবে অন্যান্য টিকা সরবরাহ স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, ওপিভি না থাকলেও বিকল্প হিসেবে পোলিওর আইপিভি টিকা দেওয়া হচ্ছে।
অন্যদিকে জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, টিকার সংকট রয়েছে, তবে খুব শিগগিরই সরবরাহ পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। তার মতে, টিকা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে এবং দ্রুতই চট্টগ্রামে পাঠানো হবে।
ইপিআই কর্মসূচির মাধ্যমে যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ-বি, নিউমোনিয়া, হাম ও রুবেলা প্রতিরোধে শিশুদের বিনামূল্যে টিকা দেওয়া হয়। জন্ম থেকে ১৫ মাস বয়স পর্যন্ত নির্ধারিত সময়ে এসব টিকা সম্পন্ন করা শিশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
সাব্বির/চট্টলা২৪

