জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের জন্য ৬ মাস মেয়াদি ১৬৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সই ছিল।
তবে কমিটি ঘোষণার পরপরই এর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। নবগঠিত কমিটির কয়েকজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন। তারা এই কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে গণপদত্যাগ ও সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে কমিটির বিরুদ্ধে আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরার কথাও জানিয়েছেন তারা।
নতুন কমিটিতে দপ্তর সম্পাদক পদ পাওয়া মোহাম্মদ রাফসানজানি অভিযোগ করেন, আর্থিক লেনদেনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, দপ্তর সম্পাদক হিসেবে এটিই হবে তার প্রথম এবং শেষ সংবাদ সম্মেলন।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে নতুন সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন বলেন, দীর্ঘ সময় পর দলটি একটি অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করেছে। তৃণমূল পর্যায়ে সক্রিয় নেতাকর্মীদেরই কমিটিতে স্থান দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তার আশা, নতুন এই কমিটি চট্টগ্রামে ইতিবাচক রাজনৈতিক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট গঠিত এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটিতে মীর মোহাম্মদ শোয়াইব ও আরিফ মঈনুদ্দিন যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন।
সাব্বির/চট্টলা ২৪

