চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় দায়িত্ব পালনকালে চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় গুরুতর আহত হয়েছেন ট্রাফিক কনস্টেবল আব্দুল কুদ্দুস। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাণী রাসমণি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত কুদ্দুস চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (পশ্চিম)-এ কর্মরত। তার বাড়ি ফেনী জেলায়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আবছার জানান, টোল রোড এলাকায় আইন ভঙ্গের অভিযোগে একটি অটোরিকশা আটক করেন কনস্টেবল কুদ্দুস। পরে সেটি ডাম্পিংয়ের জন্য মনসুরাবাদে নেওয়া হচ্ছিল।
এ সময় চলন্ত অটোরিকশার চালক জুয়েল হঠাৎ কনস্টেবলকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করেন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।
ঘটনার পর অটোরিকশা চালক জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সাব্বির/চট্টলা ২৪

