চট্টগ্রামে কর্মরত বোয়ালখালীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম’-এর আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির কমিটি গঠনকল্পে শুক্রবার (১৫ মে) রাতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কালের কণ্ঠের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈম।
আলোচনা সভায় দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবরকে আহ্বায়ক এবং দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার মুহাম্মদ নাজিম উদ্দিনকে সদস্য সচিব করা হয়। একই সঙ্গে দৈনিক সকালবেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ আলীকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, দৈনিক আগামীর সময়ের বিশেষ প্রতিনিধি রমেন দাশগুপ্ত, দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক সুলতান মাহমুদ সেলিম, দৈনিক সমরের মুজাহিদুল ইসলাম, বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী এবং বিডিনিউজের স্টাফ রিপোর্টার উত্তম সেনগুপ্ত।
সাব্বির/চট্টলা ২৪

