টেকনাফ-এ মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত তিনটি ট্রলারও জব্দ করা হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে টেকনাফের শাহপরীরদ্বীপ জেটিঘাট-এ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মো. মুত্তাকীন সিদ্দিকী।
তিনি জানান, শনিবার দিনব্যাপী পরিচালিত অভিযানে শাহপরী কোস্ট গার্ড আউটপোস্ট, সেন্টমার্টিন স্টেশন এবং বাংলাদেশ নৌবাহিনী-র সদস্যরা অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন তিনটি ফিশিং বোটে অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের সিমেন্ট জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা হাতিয়া ও সন্দ্বীপ-এর বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমার-এর নিষিদ্ধ গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে পাচার করছিলেন।
ঘটনার সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও বাড়ানো হয়েছে।
জব্দ করা সিমেন্ট, ট্রলার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উপকূলীয় এলাকায় চোরাচালান ও পাচার প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।
সাব্বির/চট্টলা২৪

