বান্দরবানের রোয়াংছড়ি ও সদর উপজেলার সীমান্তবর্তী জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা বাজারজুড়ে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৪৮টি দোকান ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস।
স্থানীয়দের ভাষ্য, বাজারের মাঝামাঝি অংশের একটি দোকানে প্রথম আগুন দেখা যায়। পরে দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত পশ্চিম পাশের দোকানপাট ও ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি।
জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যচিংশৈ মারমা বলেন, প্রাথমিকভাবে ৪৮টি দোকান ও বসতঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের বেশির ভাগই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাব্বির/চট্টলা২৪

