শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গম থানচির পাহাড়ে হাম-রুবেলায় আক্রান্ত ৮৪ শিশু

বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা থানচিতে হাম-রুবেলায় আক্রান্ত হয়েছে অন্তত ৮৪ শিশু। আক্রান্তরা সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। পরিস্থিতি মোকাবেলায় আক্রান্ত এলাকায় মেডিকেল টিম পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রেমাক্রী ইউনিয়নে হঠাৎ করে শিশুদের মধ্যে হাম-রুবেলার উপসর্গ দেখা দেওয়ার পর পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ঋতু পর্না চাকমা ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক জ্যোতি প্রিয় চাকমার নেতৃত্বে দলটি দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে গেছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, আলীকদম উপজেলার কুরুপপাতা এলাকা থেকে কয়েকজন শিক্ষার্থী ছুটিতে নিজ এলাকায় ফেরার পর দ্রুত রোগটি ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিশুদের মধ্যে জ্বর, শরীরে ফুসকুড়ি, দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে।
রেমাক্রী ইউনিয়নের ওয়ার্ড সদস্য মাংচং ম্রো জানান, আক্রান্ত লিটক্রে এলাকা থানচি সদর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এবং সেখানে যাতায়াতের একমাত্র মাধ্যম সাংগু নদীপথ। ইঞ্জিনচালিত নৌকায় পৌঁছাতে প্রায় দুই দিন সময় লাগে। তাই স্থানীয়ভাবে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প স্থাপনের দাবি জানান তিনি।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, কয়েকদিন আগে থানচি সদরের দুটি ছাত্রাবাস থেকে হামের উপসর্গ নিয়ে পাঁচজন শিশু ও নারী হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসা শেষে তাদের রোববার ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে আক্রান্ত এলাকায় অস্থায়ী চিকিৎসা ক্যাম্প স্থাপন এবং টিকাদান কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাব্বির/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...