চট্টগ্রাম মহানগরের কদমতলী রেলগেটে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অটোরিকশাচালক আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনের প্রবেশপথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ৭৮৮ নম্বর সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে প্রবেশের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা রেললাইন অতিক্রম করার চেষ্টা করে। ট্রেনটি কাছাকাছি চলে আসলেও দ্রুত পার হওয়ার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
ট্রেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অটোরিকশাটি রেললাইনে উঠে পড়ার পর লোকোমাস্টার একাধিকবার হুইসেল বাজিয়ে সতর্ক করেন। তবে স্বল্প দূরত্বের কারণে ট্রেন থামানো সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি সরিয়ে নেয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসান বলেন, দুর্ঘটনায় আহত সিএনজিচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কদমতলী রেলগেটে প্রায়ই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। দুর্ঘটনা এড়াতে সেখানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
সাব্বির/চট্টলা২৪

