চট্টগ্রামের খাতুনগঞ্জে অতিরিক্ত দামে আদা বিক্রির অভিযোগে মায়ের দোয়া ও আল আরব বাণিজ্যালয় নামে দুটি আড়তকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৭ মে) পরিচালিত অভিযানে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
তিনি বলেন, গত ১০ দিনের ব্যবধানে চীনা আদার দাম কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে সংশ্লিষ্ট আড়তগুলো পণ্য কোথা থেকে কেনা হয়েছে, তার সঠিক নথিপত্র বা ভাউচার দেখাতে পারেনি।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ আরও বলেন, ভাউচার ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা হলে মূল্যবৃদ্ধির যৌক্তিকতা যাচাই করা সহজ হতো। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে ধারাবাহিকভাবে দাম বাড়লেও কোনো গ্রহণযোগ্য নথি না থাকায় বিষয়টি অস্বাভাবিক মনে হয়েছে।
তিনি জানান, সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে যথাযথ ভাউচার সংরক্ষণ করা হলে বাজারে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হতো। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সাব্বির/চট্টলা২৪

