শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

লোহাগাড়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি সংবলিত একটি ব্যানারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ ঘটনায় চারজন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আবুল কাশেম, মো. তৌহিদ, মো. জিসান ও বশির উদ্দিন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, বিশ্বকাপ উপলক্ষে এলাকায় দুই দলের সমর্থকেরা বিভিন্ন স্থানে পতাকা ও ব্যানার টানিয়েছেন। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। এতে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তারা ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি জানান।

কিন্তু ব্যানার অপসারণ না হওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। অভিযোগ রয়েছে, রোববার গভীর রাতে আর্জেন্টিনা সমর্থকদের কয়েকজন ওই ব্যানারটি খুলে ফেলেন। এরপর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে চারজন আহত হন।

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে রাতে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে সম্মত হয়।
সালিস বৈঠকে উপস্থিত লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ টি এম জাহেদ চৌধুরী বলেন, মেসিকে নিয়ে আপত্তিকর ব্যানারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পরে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। তিনি বলেন, খেলার আবেগ যেন সামাজিক সম্প্রীতিতে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে, সে বিষয়ে সবাইকে সচেতন করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ব্যানারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির খবর পুলিশ পেয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হওয়ায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...