জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (০৯ জুন ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে বাজেট অধিবেশনের এক ফাঁকে তিনি ঋতুপর্ণা চাকমার হাতে সহায়তার চেক তুলে দেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
পাহাড়ি এলাকার সাধারণ পরিবার থেকে উঠে আসা ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তিনি ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি উইমেনস এশিয়ান কাপে বাংলাদেশের যোগ্যতা অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখেন।
ক্রীড়াক্ষেত্রে ঋতুপর্ণার এই অসামান্য সাফল্য কেবল দেশের ভাবমূর্তিকেই উজ্জ্বল করেনি, বরং পার্বত্য অঞ্চলসহ সারা দেশের সহস্রাধিক সুবিধাবঞ্চিত তরুণীকে প্রতিকূলতা জয় করে স্বপ্ন দেখার নতুন প্রেরণা জুগিয়েছে। একজন সংগ্রামী নারী ফুটবলারের জীবনযাত্রার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর এই সরাসরি উদ্যোগকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি অত্যন্ত ইতিবাচক ও যুগান্তকারী বার্তা হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা। তাদের মতে, জাতীয় দলের খেলোয়াড়দের কল্যাণে গৃহীত এ ধরনের সময়োপযোগী সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি অনুপ্রাণিত করবে এবং দেশের ক্রীড়া সংস্কৃতির ভিত্তিকে আরও সুদৃঢ় ও বেগবান করে তুলবে।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় ঋতুপর্ণার গৃহনির্মাণের এই বিশেষ উদ্যোগটি গ্রহণ করা হয়। এ প্রসঙ্গে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি’র ভাষ্য হলো, পাহাড়ি অঞ্চলের প্রতিভাবান যুবসমাজকে মূলধারায় সম্পৃক্ত করতে এবং তাদের মেধার সঠিক মূল্যায়ন করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের কৃতি খেলোয়াড় ঋতুপর্ণাকে দেওয়া এই উপহার তারই একটি চমৎকার দৃষ্টান্ত।
এর আগেও, ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার সময়ও তার পরিবারের পাশে দাঁড়ান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৫ সালে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটিতে ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার মায়ের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।

