কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেছেন তিন প্রতিমন্ত্রী। শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেলে কলাতলী থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত দীর্ঘ এলাকায় পায়ে হেঁটে তারা পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং সৈকতের ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি ঘুরে দেখেন।
পরিদর্শনে নেতৃত্ব দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। তার সঙ্গে ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরিফুল আলম এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তারা সৈকত এলাকায় হাজারো পর্যটকের সঙ্গে মতবিনিময় করেন এবং নারী, শিশু ও বয়স্ক পর্যটকদের নিরাপত্তা, টুরিস্ট পুলিশের কার্যক্রম, পরিচ্ছন্নতা কর্মীদের কাজসহ বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।
এ সময় পর্যটকরা বর্তমান ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং সার্বিক সেবা আরও উন্নত ও আধুনিক করার আহ্বান জানান। প্রতিমন্ত্রীদের পক্ষ থেকে জানানো হয়, সরকার পর্যটন খাতকে আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে। পরিদর্শনকালে পর্যটন মন্ত্রণালয়, টুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

