শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রস্তাবিত বাজেট জনবান্ধব ও উন্নয়নমুখী: চট্টগ্রাম মহানগর বিএনপি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে জনবান্ধব, উন্নয়নমুখী এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক বলে মন্তব্য করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। দলের আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি ও সদস্য সচিব নাজিমুর রহমান শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দীর্ঘদিনের অর্থনৈতিক অস্থিরতা ও বিনিয়োগ সংকটের প্রেক্ষাপটে প্রণীত বাজেটে উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার মধ্যে বাস্তবসম্মত সমন্বয় করা হয়েছে। শিল্প, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, রপ্তানি খাত এবং তরুণ উদ্যোক্তাদের জন্য প্রস্তাবিত নীতিগত সহায়তা দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে তারা আশা প্রকাশ করেন।

তাদের মতে, কর্মসংস্থান বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং বেসরকারি খাতকে শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। একই সঙ্গে উৎপাদন ও বিনিয়োগমুখী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার পদক্ষেপ ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তি মজবুত করবে।

নেতৃদ্বয় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপনের জন্য সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে প্রণীত এ বাজেট সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতিফলন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্ব ও অর্থনৈতিক উদ্যোগেরও প্রশংসা করেন।

চট্টগ্রামকে দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র উল্লেখ করে তারা বলেন, বন্দরকেন্দ্রিক শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, নগর ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে এ অঞ্চলের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাজেটের সফল বাস্তবায়ন হলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি বাংলাদেশ টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পথে আরও এগিয়ে যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...