চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) বড় ধরনের রদবদল করা হয়েছে। সিএমপির আওতাধীন বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং নিরস্ত্র পুলিশ পরিদর্শকসহ মোট ৮ জন কর্মকর্তাকে জনস্বার্থে পুনর্নিয়োগ ও বদলি করা হয়েছে।
রোববার (১৫ জুন) সিএমপি সদরদপ্তর থেকে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, বদলির নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, কর্ণফুলী থানার বর্তমান ওসি শাহীনুর আলমকে ডবলমুরিং থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। ডবলমুরিং থানার বর্তমান ওসি জামাল উদ্দিন খানকে সিটিএসবিতে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
খুলশী থানার বর্তমান ওসি মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক।
এদিকে চকবাজার থানার ওসি মো. বাবুল আজাদকে ডিবি-দক্ষিণে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনকে চকবাজার থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
চান্দগাঁও থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিবি-দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন।
সিএমপি সদরদপ্তর সূত্র জানায়, মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল, সুসংহত ও জনমুখী করতে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এ রদবদল করা হয়েছে।
এ সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
ফারুক, চট্টলা২৪

