শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচলাইশে দুর্ধর্ষ চুরির রহস্য উদ্ঘাটন, চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সংঘটিত একটি চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। তাদের কাছ থেকে চোরাইকৃত স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৭ জুন গভীর রাতে পাঁচলাইশ থানার রূপনগর ক্লাব সংলগ্ন হিলভিউ আবাসিক এলাকার নাহার ভিলার তিনটি ফ্ল্যাটে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ চৌধুরীর পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা জানালার গ্রিল ভেঙে বাসায় প্রবেশ করে।

রাত আনুমানিক ৪টার দিকে বাদীর সাড়ে চার বছর বয়সী কন্যা বাসার ভেতরে সন্দেহজনক ব্যক্তিকে দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে তারা দেখতে পান, ফ্ল্যাটের বিভিন্ন কক্ষ তছনছ করা হয়েছে এবং স্বর্ণালংকার, রুপার তৈরি সামগ্রী, মোবাইল ফোন, নগদ অর্থ, বিদেশি পার্স ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে।

গত ১৫ জুন রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীরেরহাট এলাকায় অভিযান চালিয়ে মো. খোরশেদ (৩০) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত একটি অপ্পো অ্যান্ড্রয়েড ফোন ও একটি সিম্ফনি বাটন ফোন উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ জুন সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কোনাগাঁও এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেন (৩৮) নামে আরও এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, একই দিন রাতে কোতোয়ালী এলাকার একটি স্বর্ণের দোকান থেকে চোরাইকৃত প্রায় ৪ ভরি ৯ আনা ওজনের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া খুলশী থানার আমবাগান নালাপাড়া ছিন্নমূল কলোনিতে অভিযান চালিয়ে ৪টি রুপার কয়েন, ২টি রুপার চেইন, ২ জোড়া রুপার নূপুর, ২টি লেডিস পার্স এবং নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...