চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পাহাড়ের মাটি কাটতে গিয়ে ধসের ঘটনায় মো. সায়েম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর।
বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার মৃত বশর আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে সায়েম টিলার পাদদেশে একটি জায়গা ক্রয় করে। নিজের বসতভিটার মাটি ভরাটের জন্য ঘরের পাশের একটি টিলা থেকে কয়েকদিন ধরে মাটি কাটছিল সে। বুধবার রাতেও একইভাবে মাটি কাটার সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে।
ধসের সময় সায়েম ও তার পাশে থাকা সোহেল রানা নামে আরেক কিশোর মাটির নিচে চাপা পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দুজনকে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন।
নিহতের মা ছালেহা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্ট করে ছেলে-মেয়েদের নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু একমাত্র ছেলের মৃত্যুর ঘটনায় তিনি ভেঙে পড়েছেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সায়েমের মৃত্যুর বিষয়টি পুলিশকে নিশ্চিত করে।
স্থানীয়দের মতে, অপরিকল্পিতভাবে পাহাড় ও টিলা কাটা এবং নিরাপত্তাব্যবস্থা ছাড়াই মাটি উত্তোলনের কারণে এমন দুর্ঘটনা ঘটছে। তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
সাব্বির, চট্টলা২৪

