দেশের কৃষি খাতে সারের চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধি এবং বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত সার কারখানাগুলো দ্রুত সচল করতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত গুরুত্বপূর্ণ সার কারখানাগুলো পরিদর্শন করেছেন।
সোমবার (২২ জুন) দুপুরে তিনি বেসরকারি খাতের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এবং রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কারখানা ঘুরে দেখেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত উভয় খাতের সার কারখানার উৎপাদন সক্ষমতা বাড়িয়ে দেশের সার সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করাই এ সফরের মূল লক্ষ্য। সম্প্রতি গ্যাস সরবরাহ পাওয়ার পর কাফকো ও ডিএপি কারখানায় উৎপাদন শুরু হয়েছে। এখন দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে বন্ধ থাকা সিইউএফএলকে দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সচিব আবু নাছের খান, মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দীন আহমদ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্ত্রী কারখানাগুলোর উৎপাদন অবকাঠামো, যান্ত্রিক সক্ষমতা ও সংস্কারের প্রয়োজনীয় বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় দেশের কৃষি খাতের স্বার্থে দেশীয় সার উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি কারখানাগুলোর আধুনিকায়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি মেরামত এবং দ্রুত উৎপাদন সক্ষমতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে বলেন, দেশের সার কারখানাগুলো সচল রাখতে সরকার সম্ভাব্য সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
সিইউএফএলের ব্যবস্থাপক (উৎপাদন) উত্তম চৌধুরী বলেন, মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং যন্ত্রপাতি সুষ্ঠুভাবে সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। কারিগরি দিক থেকে কারখানা উৎপাদনে যেতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। গ্যাস সরবরাহ নিশ্চিত হলেই পুরোদমে উৎপাদন শুরু করা সম্ভব হবে।
সংশ্লিষ্টদের আশা, কাফকো ও ডিএপি কারখানার পাশাপাশি সিইউএফএলেও দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। শিল্পমন্ত্রীর এ পরিদর্শনের ফলে গ্যাস সংকট নিরসনে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও জোরদার হবে এবং দেশের কৃষি খাত এর সুফল পাবে।

