চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দক্ষিণ এলাকার ৪ নম্বর বার্থে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হলে দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আনা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার ইউনিট ঘটনাস্থলে যোগ দিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন বলেন, আগুনের ঘটনায় কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বর্তমানে বন্দরের ওই এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ টার্মিনালে একসঙ্গে ছোট-বড় পাঁচটি জাহাজ ভেড়ানো যায়। চারটি জেটি সমৃদ্ধ এই টার্মিনালের মাধ্যমে বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় অর্ধেক সম্পন্ন হয়।
২০০৭ সালে প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এনসিটিতে পরবর্তীতে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে ১৪টি কি গ্যান্ট্রি ক্রেনসহ আধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়। উন্নত প্রযুক্তিনির্ভর ইয়ার্ড ও ব্যাকআপ সুবিধার কারণে এটি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।
ফারুক, চট্টলা২৪

