শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন চিকিৎসাসেবা নিচ্ছেন ২০ হাজার রোগী

বৃহত্তর চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্রতিদিন প্রায় ২০ হাজার রোগী চিকিৎসাসেবা গ্রহণ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে গত দুই বছরে সাজিনাজ হাসপাতাল লিমিটেডে ১০ হাজারের বেশি রোগী উন্নত চিকিৎসাসেবা পেয়েছেন এবং জাকাত ও মানবিক সহায়তার মাধ্যমে প্রায় ১০ হাজার পরিবারকে সহযোগিতা করা হয়েছে।

চট্টগ্রাম নগরের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হাসপাতাল লিমিটেডে আয়োজিত ‘চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন’-এর এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এ কে এম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। এছাড়া সংগঠনের সহসভাপতি ডা. এস এম রেজাউল করিম, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবদুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এস এম সরওয়ার আলমসহ বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৃহত্তর চট্টগ্রামের স্বাস্থ্যসেবা খাতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতিদিন অন্তত ২০ হাজার রোগী এসব প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন।

তবে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর হাসপাতালগুলোর কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকদের হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এতে হাসপাতাল পরিচালনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে জটিলতা তৈরি হচ্ছে বলে মত দেন বক্তারা।

অনুষ্ঠানে সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, “মানুষকে সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে ২০২৪ সালে সাজিনাজ হাসপাতালের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে ১০ হাজারেরও বেশি রোগীকে উন্নত চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি জাকাত ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রায় ১০ হাজার পরিবারকে সহযোগিতা করা হয়েছে।”

তিনি দাবি করেন, অল্প সময়ের মধ্যেই হাসপাতালটি নগরবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

সম্প্রতি এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল ও চিকিৎসকদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা অত্যন্ত দুঃখজনক। চিকিৎসকেরা রোগের চিকিৎসা করেন, মৃত্যুর নয়। হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকে।”

তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, কোনো ঘটনার সত্যতা যাচাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা উচিত।

সভায় অংশগ্রহণকারীরা বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা পরিবেশ বজায় রাখতে সরকার ও সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেন।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...