চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো এলাকায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপনের নির্দেশনায় বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিমের নেতৃত্বে এসআই পুলক চন্দ্র মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে বায়েজিদ বোস্তামী থানার কামরাবাদ এলাকার আতুরার ডিপোতে সৈয়দ কোম্পানির বিল্ডিংয়ের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে স্থাপিত চেকপোস্টে দুই যুবককে সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করতে দেখা যায়। পরে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়।
গ্রেফতাররা হলেন বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদনগর এলাকার বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা, বর্তমানে চট্টগ্রামের আতুরার ডিপো এলাকার মীরপাড়ায় বসবাসকারী মো. আলমগীর হোসেন সজীব (২০)।
তল্লাশির সময় তাদের হেফাজত থেকে একটি লোহার তৈরি দেশীয় শর্টগান এবং পাঁচ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়ায় থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯-এ ধারায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা (নং-৫৯, তারিখ: ২৬ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।
সিএমপি জানিয়েছে, মহানগরে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ফারুক, চট্টলা২৪

