চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলন্ত ট্রাকের ত্রিপল কেটে মালামাল চুরির সময় এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পটিয়া হাইওয়ে পুলিশ। সোমবার (২৯ জুন) ভোর ৪টা ১০ মিনিটের দিকে পটিয়া হাইওয়ে থানার মনসা বাদামতল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি রাসেল মিয়া (৩২)। তিনি পটিয়া উপজেলার বারিগ্রাম এলাকার জিন্না মিয়ার ছেলে। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি অন-টেস্ট (On-Test) সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
হাইওয়ে পুলিশ জানায়, নিয়মিত টহলের সময় পুলিশ সদস্যরা দেখতে পান, কক্সবাজারগামী একটি মালবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২০-৯৬৩৮) পেছনে একটি অন-টেস্ট সিএনজি নিয়ে তিন ব্যক্তি অবস্থান করছে। তারা ট্রাকের পেছনের ত্রিপল কেটে মালামাল চুরির চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসতেই পুলিশ ধাওয়া করে রাসেল মিয়াকে সিএনজিসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় অন্য দুই সহযোগী দ্রুত পালিয়ে যায়।
পটিয়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার আসামিকে জব্দকৃত সিএনজি ও চুরির আলামতসহ পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পটিয়া হাইওয়ে পুলিশ।
সাব্বির, চট্টলা২৪

