আগামী ২ জুলাই থেকে শুরু হওয়া ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও আলিম পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর সব পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রোববার (২৮ জুন) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯, ৩০ ও ৩৩ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পর এক ঘণ্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথরসহ যেকোনো ধরনের বিপজ্জনক বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে।
এ ছাড়া ওই সময়ে মিছিল, সভা-সমাবেশ, উচ্চস্বরে চিৎকার, হৈচৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউডস্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রসংলগ্ন এলাকার ফটোকপি মেশিন বন্ধ রাখার পাশাপাশি বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশও সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
সিএমপি জানিয়েছে, আগামী ২ জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিটি দিনে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
ফারুক, চট্টলা২৪

