শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শৈশব বিক্রি করে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব নয়: ডিসি জাহিদ

একজন শিশু যদি জন্মের পর থেকেই কারখানার তপ্ত আগুনের পাশে কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে বড় হয়, তাহলে সে স্বপ্ন দেখতেই শেখে না। আর যে শিশু নিজেই স্বপ্ন দেখতে শেখেনি, সে ভবিষ্যতে দেশ ও সমাজকে স্বপ্ন দেখাবে কীভাবে?

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এভাবেই শিশুশ্রমের সামাজিক ও মানবিক প্রভাব তুলে ধরেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, শিশুশ্রম শুধু শ্রম আইন লঙ্ঘনের বিষয় নয়; এটি একটি শিশুর শৈশব, শিক্ষা, স্বপ্ন ও মানবিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। তাই শিশুশ্রম বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি রাষ্ট্র, শিল্পপ্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সোমবার (২৯ জুন) বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই), চট্টগ্রাম আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল- “শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি।”

জেলা প্রশাসক বলেন, প্রতিটি বয়সের নিজস্ব সৌন্দর্য রয়েছে। শিশুর সৌন্দর্য তার শৈশবে। সেই শৈশব কেড়ে নিয়ে কখনোই মানবিক মূল্যবোধসম্পন্ন ও নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি বলেন, বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড, অর্থনৈতিক সংকটে থাকা পরিবারগুলোর শিশুদের শ্রমে যুক্ত হওয়ার প্রবণতা কমাতে ভূমিকা রাখতে পারে।

শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশে তিনি বলেন, দেশের শিল্পায়নের পেছনে শ্রমিকদের অবদান রয়েছে। তাই প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের জীবনমান এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্বও মালিকদের নিতে হবে।

দারিদ্র্যকে শিশুশ্রমের একমাত্র কারণ হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে তারা আনন্দের সঙ্গে বিদ্যালয়ে যাবে, পরিবারের সান্নিধ্যে বেড়ে উঠবে এবং স্বপ্ন দেখতে শিখবে। কারণ যে শিশু স্বপ্ন দেখতে শেখেনি, সে ভবিষ্যতে দেশকেও নতুন স্বপ্ন দেখাতে পারবে না।

তিনি উদাহরণ দিয়ে বলেন, “একটি মাছকে যদি গাছে উঠতে বলা হয়, সে কখনোই তা পারবে না।” একইভাবে একটি শিশুকে তার বয়স ও সক্ষমতার বাইরে ঝুঁকিপূর্ণ কাজে ঠেলে দিয়ে উন্নত রাষ্ট্র গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।

জেলা প্রশাসক বলেন, শিশুশ্রম প্রতিরোধে সরকার, শিল্পপ্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, উন্নয়ন সংস্থা, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক এবং সাধারণ মানুষ—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে সমাজে মানবিক মূল্যবোধ ও সচেতনতা গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় ‘জোবায়দা’ নামে এক মেধাবী শিশুর প্রসঙ্গ তুলে তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পড়াশোনা ও ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদেরও সুবিধাবঞ্চিত মেধাবী শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, সামান্য লাভের জন্য কোনো শিশুর শৈশব ও ভবিষ্যৎ কেড়ে নেওয়া উচিত নয়। সামাজিক দায়বদ্ধতা থেকে উদ্যোক্তাদের প্রাপ্তবয়স্ক কর্মী নিয়োগ এবং প্রতিটি শিশুকে নিজের সন্তানের মতো বিবেচনা করা প্রয়োজন।

তিনি আরও জানান, শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৪৩টি খাতের মধ্যে কয়েকটি ইতোমধ্যে শিশুশ্রমমুক্ত করা হয়েছে। আগামী বছরের মধ্যে প্লাস্টিক শিল্প ও ইটভাটা খাত শতভাগ শিশুশ্রমমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। পর্যায়ক্রমে অন্যান্য ঝুঁকিপূর্ণ খাত থেকেও শিশুশ্রম নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, বিজিএমইএ পরিচালক এনামুল আজিজ চৌধুরী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শ্রমিক ও নিয়োগকর্তা সংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা, শিশু অধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...