শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

২,২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা চসিকের, নিজস্ব আয় বাড়ানোর লক্ষ্য

২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নতুন বাজেটে উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মশকনিধন এবং নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাজেট ঘোষণা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

একই অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও ঘোষণা করা হয়। সংশোধিত বাজেটের আকার ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ টাকা। যদিও মূল বাজেট ছিল ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকা। সে হিসাবে গত অর্থবছরে বাজেট বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৭৮ শতাংশ।

নিজস্ব আয় বাড়ানোর ওপর জোর

বাজেট বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করাই তাঁর লক্ষ্য। এজন্য রাজস্ব আদায় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নগরবাসীর একমাত্র সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ নগর গড়ে তুলতে চসিক কাজ করে যাচ্ছে। তবে আর্থিক সক্ষমতার সীমাবদ্ধতার কারণে নাগরিকদের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব হচ্ছে না। তাই সেবার মান বাড়াতে করপোরেশনের আর্থিক সক্ষমতা বাড়ানো জরুরি।

নতুন বাজেটে নিজস্ব উৎস থেকে ১ হাজার ১৯৭ কোটি ৬২ লাখ টাকা আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গৃহকরসহ বিভিন্ন কর খাত থেকে ৮১১ কোটি ৯০ লাখ টাকা আদায়ের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উন্নয়ন অনুদান বাবদ ৯৭৫ কোটি টাকা সরকারি তহবিল থেকে পাওয়ার আশা করছে চসিক।

উন্নয়ন ও পরিচালনা ব্যয়

বাজেটে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৮২৭ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে বেতন-ভাতা বাবদ ব্যয় হবে ৪৮০ কোটি ৮৫ লাখ টাকা।

উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৩৫ কোটি টাকা। এ অর্থ দিয়ে ছয়টি উন্নয়ন প্রকল্প, সড়ক নির্মাণ ও সংস্কার, বিভিন্ন অবকাঠামো নির্মাণসহ নানা উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। এছাড়া দেনা পরিশোধে ব্যয় ধরা হয়েছে ১৮৪ কোটি টাকা।

জলাবদ্ধতা ও মশকনিধনে বাড়তি বরাদ্দ

নগরের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১১২ কোটি টাকা, যা গত অর্থবছরের ৭৫ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

মশকনিধন কর্মসূচির জন্যও বরাদ্দ বাড়ানো হয়েছে। আগামী অর্থবছরে এ খাতে ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৯ কোটি টাকা, যদিও ব্যয় হয়েছিল ৫ কোটি ৩৮ লাখ টাকা।

বাজেট অধিবেশনে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...