চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অপর একটি জাহাজের ধাক্কায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজে থাকা ১২ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কর্ণফুলী নদীর নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়াল-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি বে হারবার-২।
কোস্টগার্ডের জনসংযোগ শাখা জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রথমে আটজন এবং পরে আরও চারজনকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই সুস্থ রয়েছেন।
জানা গেছে, বে হারবার লিমিটেডের মালিকানাধীন লাইটার জাহাজটি পাথর বোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। পথে অপর একটি জাহাজের ধাক্কায় এটি পানিতে ডুবে যায়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. নাছির উদ্দিন বলেন, নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে জাহাজটি দুর্ঘটনার শিকার হয়। তবে এটি মূল নৌচ্যানেলের বাইরে থাকায় চট্টগ্রাম বন্দরের বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং নৌপথ স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ডুবে যাওয়া লাইটার জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বর্তমানে জাহাজটি উদ্ধারের কাজ চলছে।
উল্লেখ্য, কর্ণফুলী নদী দিয়েই সাগর থেকে চট্টগ্রাম বন্দরের জেটিতে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচল করে।
ফারুক, চট্টলা২৪

