জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করছে এবং দেশকে নতুন করে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) চট্টগ্রামের বিআইএ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত ৩৬ দিনের কর্মসূচি বাস্তবায়ন কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে জনগণ নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিল। জনগণ নতুন করে কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। তাঁর দাবি, গণভোটে জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে। কিন্তু সরকার সেই গণরায় বাস্তবায়নের পরিবর্তে ভিন্ন পথে হাঁটছে।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা নিয়ে সমালোচনা
জেলা আমীর বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, তেল-গ্যাসসহ জ্বালানির দফায় দফায় দাম বৃদ্ধি এবং বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। সরকারের এসব বিষয়ে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে নিয়মিত খুন, হত্যা, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। তাঁর অভিযোগ, প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে, যা দেশের পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে।
কয়েকটি দাবি তুলে ধরে জামায়াত
বৈঠকে আনোয়ারুল আলম চৌধুরী ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী অপরাধের বিচার, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচার, জুলাই আন্দোলনের আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
তিনি বলেন, এসব দাবি আদায়ে জনগণকে জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে এবং গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।
নেতাদের উপস্থিতি
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাছান, জেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ, চট্টগ্রাম পশ্চিম জেলা ও দক্ষিণ জেলা শিবিরের নেতাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
বৈঠকের শেষে কেন্দ্র ঘোষিত ৩৬ দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জেলা পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়। পাশাপাশি জেলার সর্বস্তরের জনগণকে এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান নেতারা।
সাব্বির,চট্টালা২৪

