বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে প্রশাসনিক পুনর্বিন্যাস, আসছে ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা

চট্টগ্রামে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন একটি উপজেলা ও একটি থানা গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ফটিকছড়ি উপজেলার উত্তরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠন করা হবে। একই সঙ্গে হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে গত রোববার (২৯ জুন) জারি করা এক সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশ অনুযায়ী, প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে স্থানীয় সরকার বিভাগ।

এদিকে নতুন উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল ১০টা থেকে ফটিকছড়ির দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের হেয়াকো, বালুটিলা এবং নারায়ণহাট বাজার এলাকায় একযোগে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ অংশ নেন। সড়ক অবরোধের কারণে ঢাকা-খাগড়াছড়ি ও খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয়দের দাবি, নতুন উপজেলার সদর দপ্তর যদি অধিকাংশ মানুষের জন্য দূরবর্তী বা অযৌক্তিক স্থানে স্থাপন করা হয়, তাহলে নতুন উপজেলা গঠনের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। তাই জনমত, ভৌগোলিক বাস্তবতা, যোগাযোগব্যবস্থা এবং জনসংখ্যার বিষয় বিবেচনায় একটি সুবিধাজনক ও যৌক্তিক স্থানে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...