চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে ৩০টিরও বেশি চীনা কোম্পানি প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের ফলাফল তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিনিয়োগসংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, আনোয়ারার চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। প্রায় ১০ বছর ধরে আটকে থাকা প্রকল্পটির প্রয়োজনীয় প্রায় সব কাগজপত্র নতুন সরকার দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যেই সম্পন্ন হয়েছে। ফলে চীনা বিনিয়োগের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।
তিনি বলেন, তার জানা মতে, এখন পর্যন্ত ৩০টিরও বেশি চীনা কোম্পানি এ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
চীনের রাষ্ট্রদূত আরও বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের সময় বেইজিংয়ে আয়োজিত বিনিয়োগ ফোরাম এবং দালিয়ানে শীর্ষ চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হয়েছে। এসব আলোচনার পর চীনের অনেক বড় প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
তিনি জানান, সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীও জানিয়েছেন, ১২টি চীনা কোম্পানি বাংলাদেশে ৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এসব প্রতিষ্ঠানের বিবেচনায় একাধিক সুনির্দিষ্ট প্রকল্প রয়েছে।
ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের অন্যতম বড় অর্জন হলো বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে চীনা কোম্পানিগুলোর আগ্রহ বৃদ্ধি। আনোয়ারার চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের অগ্রগতি চীনা ব্যবসায়ীদের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে যে বাংলাদেশ এখন চীনা বিনিয়োগের জন্য একটি বন্ধুত্বপূর্ণ গন্তব্য। এতে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২২ থেকে ২৬ জুন সরকারি সফরে চীন সফর করেন।
ফারুক, চট্টলা২৪

