শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর আগ্রাবাদ র‍্যাম্প বাস্তবায়নের পথে

দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং অনুমোদনসংক্রান্ত জট কাটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের বহুল প্রতীক্ষিত আগ্রাবাদ র‍্যাম্পের নির্মাণকাজ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হওয়ায় প্রকল্পটি বাস্তবায়নের পথে এগিয়েছে।

সিডিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক যান চলাচলের জন্য চালু থাকলেও আগ্রাবাদ র‍্যাম্প নির্মাণ না হওয়ায় নগরবাসী দীর্ঘদিন ধরে উড়াল সড়কটির পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।

প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, শুরুতে উড়াল সড়কে ১৫টি র‍্যাম্প নির্মাণের পরিকল্পনা থাকলেও আপাতত ৬টি র‍্যাম্প স্থগিত রেখে ৯টি র‍্যাম্প নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সাতটি র‍্যাম্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে বাংলাদেশ বেতার, জীবন বীমা করপোরেশন, যমুনা অয়েল কোম্পানিসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভূমি ও স্থাপনা-সংক্রান্ত জটিলতার কারণে আগ্রাবাদ র‍্যাম্পের ভূমি অধিগ্রহণ, অনুমোদন এবং প্রয়োজনীয় সমন্বয় দীর্ঘদিন আটকে ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব গ্রহণের পর সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন যে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেন, শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক প্রকল্প তার অন্যতম। তিনি আগামী নভেম্বরের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করে ডিসেম্বরে প্রকল্পটির উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করেছেন।

সিডিএ জানায়, দায়িত্ব নেওয়ার পরদিনই চেয়ারম্যান প্রকল্প এলাকা পরিদর্শন করে আগ্রাবাদ র‍্যাম্প নির্মাণে বিদ্যমান জটিলতা সরেজমিনে পর্যালোচনা করেন। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তরের সঙ্গে ধারাবাহিক সমন্বয়ের মাধ্যমে দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে আগ্রাবাদ র‍্যাম্পের নির্মাণকাজ শুরু হয়েছে।

এ বিষয়ে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের পূর্ণ সুফল নগরবাসীর কাছে পৌঁছে দিতে আগ্রাবাদ র‍্যাম্প নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সংশ্লিষ্ট সব দপ্তরের সহযোগিতায় জটিলতা নিরসন করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করে এটি নগরবাসীর জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

জাপানের সহায়তায় নৌবহরে যুক্ত হলো ৫টি আধুনিক পেট্রোল বোট

দেশের সামুদ্রিক নিরাপত্তা, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি, অনুসন্ধান...

প্রধানমন্ত্রীর হাতে ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর...

আনোয়ারার অর্থনৈতিক অঞ্চলে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০ চীনা কোম্পানি

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে...