বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে এবার মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও টুর্নামেন্টের চমক কেপ ভার্দে। কাগজে-কলমে শক্তির বিচারে স্পষ্ট ফেভারিট আর্জেন্টিনা হলেও ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর কেপ ভার্দে সহজে হার মানতে রাজি নয়।
গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে দাপটের সঙ্গে নকআউটে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল। তিন ম্যাচে ৮ গোল করার পাশাপাশি মাত্র ১ গোল হজম করেছে তারা।
অন্যদিকে, বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই দারুণ চমক দেখিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া দলটি স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও পয়েন্ট আদায় করেছে।
কেপ ভার্দের সহকারী কোচ উম্বের্তো বেতেনকোর্তের বিশ্বাস, পরিসংখ্যান নয়, ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে মাঠের লড়াইয়ে। তাই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষেও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তাঁর দল।
ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের দলটি গড়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশে জন্ম নেওয়া খেলোয়াড়দের সমন্বয়ে। নেদারল্যান্ডস, পর্তুগাল, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা ফুটবলারদের নিয়ে গড়া এই দল এবার বিশ্বকাপে নিজেদের স্বপ্নের গল্প আরও দীর্ঘ করতে চায়
সোহাইল, চট্টলা২৪

