চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও প্রিমিয়ার ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেন্টারটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. টিম ইভান্স।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, উন্নয়ন কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এ সমঝোতার মাধ্যমে আন্তর্জাতিক মানের গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি আধুনিক, টেকসই ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর সমাধানের কোনো বিকল্প নেই। ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ নগরসেবার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ ধরনের অংশীদারিত্ব চট্টগ্রামকে জ্ঞানভিত্তিক ও স্মার্ট সিটিতে রূপান্তরের পথকে আরও এগিয়ে নেবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন অর্জনের প্রশংসা করে বলেন, বিশ্ববিদ্যালয়টির পাঁচটি স্নাতক প্রোগ্রামের বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতি অর্জন উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক।
কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. টিম ইভান্স বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে এই সহযোগিতা যৌথ গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর জ্ঞান ও সমাধান তৈরিতে সহায়ক হবে। নতুন এই গবেষণা কেন্দ্র ভবিষ্যতের উদ্ভাবনের শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তোলার ধারাবাহিকতায় এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চট্টগ্রাম সিটি করপোরেশন ও কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ত্রিপক্ষীয় এই সহযোগিতা গবেষণা, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক একাডেমিক সংযোগকে আরও সমৃদ্ধ করবে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে মেয়র ডা. শাহাদাত হোসেন কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় সফর করেন এবং বিশ্ববিদ্যালয়টির ভাইস প্রেসিডেন্ট ড. টিম ইভান্সের সঙ্গে শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। সেই আলোচনার ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হলো ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’, যা নগর ব্যবস্থাপনা, উদ্ভাবন, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক সাদাত জামান খান, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান হোসেন মুরাদ, কাউন্সেলর ফাইজা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা নবপ্রতিষ্ঠিত ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ পরিদর্শন করেন।
সাব্বির,চট্টলা২৪

