জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের স্মরণে আয়োজিত ‘পিআরইউ-শহীদ ওয়াসিম আকরাম ফুটবল ফেস্ট-২০২৬’ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে মাঠের লড়াইয়ে বড় জয় তুলে নিয়েছে শহীদ মীর মুগ্ধ টিম ও শহীদ আবু সাঈদ টিম।
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের স্মৃতি সংরক্ষণ এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ‘পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ), চট্টগ্রাম’ আয়োজন করেছে ‘পিআরইউ-শহীদ ওয়াসিম আকরাম ফুটবল ফেস্ট-২০২৬’। রবিবার (৫ জুলাই) নগরীর কালামিয়া বাজারের কে.বি টার্ফে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পিআরইউর আহ্বায়ক হাসান মুকুল ও সদস্য সচিব ইমরান এমির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন।
এ সময় বক্তব্য দেন পিআরইউ সদস্য নুর উদ্দিন খান সাগর, তৌহিদুল ইসলাম, জহিরুল ইসলাম এবং নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন খান। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সাংবাদিকদের এমন ইতিবাচক ক্রীড়া উদ্যোগের প্রশংসা করেন।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে শহীদ মীর মুগ্ধ টিম ৭-০ গোলের বড় ব্যবধানে ব্রাজিল সমর্থক টিমকে হারিয়ে টুর্নামেন্টে দাপুটে সূচনা করে। দ্বিতীয় ম্যাচে শহীদ আবু সাঈদ টিমও সমান আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনা সমর্থক টিমকে ৩-০ গোলে পরাজিত করে।
টুর্নামেন্টজুড়ে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকদের আশা, এই আয়োজন শুধু ক্রীড়া প্রতিযোগিতাই নয়, বরং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফারুক, চট্টলা২৪

