টানা বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কক্সবাজার-চট্টগ্রাম রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আর যাত্রা করেনি। সেখান থেকেই ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এদিকে, বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম রেলস্টেশনে অপেক্ষমাণ রয়েছে। ষোলশহর-জানআলীহাট সেকশনে রেললাইনের ওপর জমে থাকা পানির উচ্চতা না কমা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার থেকে চলমান ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইন পানিতে তলিয়ে যায়। এতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্যাহত হয় এবং কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে কোনো ট্রেনের আগমন বা প্রস্থান হয়নি।
রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি জানিয়েছে। একই সঙ্গে যেসব যাত্রী অগ্রিম টিকিট কেটেছেন, তাদের টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
টিকিটের অর্থ ফেরতের সুযোগ থাকায় কক্সবাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। তবে স্টেশন এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ফারুক, চট্টলা২৪

