টানা বৃষ্টিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ধসে মায়ের কোলেই প্রাণ হারিয়েছে ১০ মাস বয়সী শিশু আশরাফুল ইসলাম তানভীর। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সমাজ বাগানবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা চেমন আরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও মা চেমন আরার কোলে শুয়ে দুধ পান করছিল তানভীর। এ সময় টানা বর্ষণে দুর্বল হয়ে পড়া পাহাড়ের একটি অংশ হঠাৎ তাদের ঘরের ওপর ধসে পড়ে। মুহূর্তেই ঘরটি মাটির নিচে চাপা পড়ে যায়। এতে মা ও শিশু দুজনই মাটিচাপা পড়েন।
স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। অনেক চেষ্টা করে দুজনকে মাটির নিচ থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে শ্বাসরোধে মারা যায় শিশু তানভীর। আহত অবস্থায় উদ্ধার করা হয় তার মা চেমন আরাকে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় ধসে ঘরের চাল ভেঙে মা ও শিশু চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করেন। তবে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। মায়ের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। টানা বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি থাকায় পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।
ফারুক, চট্টলা২৪

