টানা ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে উপজেলার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের জন্য কয়েকটি জরুরি নির্দেশনাও দেন।
পোস্টে হুমাম কাদের চৌধুরী বলেন, অতি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে না যান। বিশেষ করে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ ঢালু এলাকায় অবস্থান না করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিবারের শিশু, বয়স্ক ও অসুস্থ সদস্যদের আগেভাগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, যেসব এলাকায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে, সেসব এলাকার বাসিন্দাদের নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয়ে নিরাপদ আশ্রয় নেওয়া উচিত। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার জন্যও রাঙ্গুনিয়াবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টের শেষাংশে সংসদ সদস্য লেখেন, “আপনার সামান্য সতর্কতাই রক্ষা করতে পারে একটি মূল্যবান জীবন। সকলের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আল্লাহ তাআলা রাঙ্গুনিয়াসহ সবাইকে হেফাজত করুন।”
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিংসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
ফারুক, চট্টলা২৪

