টানা কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামের আনোয়ারার বিভিন্ন ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার। বিশেষ করে এই প্রাকৃতিক দুর্যোগে উপজেলার কান্দরিয়া খালপাড়ের বাসিন্দারা বেশি ভোগান্তি পোহাচ্ছেন। খাল পুনঃখননের পর অপরিকল্পিতভাবে স্তূপ করে রাখা খননের মাটি ধুয়ে কাদাপানি মানুষের বাড়িঘরে ঢুকে পড়ছে।
গত মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলার বৈরাগ আমানউল্লাহ পাড়া থেকে শুরু করে চাতরীর টানেল মোড় পর্যন্ত কূল ঘেঁষে বয়ে গেছে। বৃষ্টিতে খাল খননের মাটি ও পানি একাকার হয়ে গেছে। এসব কাদাপানি মানুষের বসতবাড়িতে ঢুকে পড়েছে। সেখানে অন্তত ৫০০ পরিবার পুরোপুরি পানিবন্দী হয়ে পড়েছে।
স্থানীয় লোকজন জানায়, সাম্প্রতিক সময়ে এলাকার পানি নিষ্কাশনের জন্য কান্দরিয়া খাল পুনঃখনন করা হয়। কিন্তু নিয়ম মেনে খালের মাটি দূরে না সরিয়ে, খালের পাড় ও সড়কে স্তূপ করে রাখা হয়েছিল।
গত কয়েক দিনের টানা মুষলধারে বৃষ্টির কারণে পাড়ে জমে থাকা সেই মাটি ধুয়ে এবং খালের উপচে পড়া নোংরা পানি লোকালয়ে ছড়িয়ে পড়ছে। পানির তোড়ে মাটি গলে কাদায় সয়লাব হয়ে গেছে। অনেক কাঁচা ও পাকা ঘরের ভেতরে হাঁটু পর্যন্ত কাদাপানি প্রবেশ করেছে। এতে ঘরের আসবাব ও খাদ্যসামগ্রী নষ্ট হচ্ছে। বিশেষ করে রান্নার চুলা তলিয়ে যাওয়ায় অনেক পরিবারে দুই দিন ধরে রান্না বন্ধ রয়েছে।
- সোহাইল, চট্টলা২৪

