ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে জারি করা রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করেন আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন। অপরদিকে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সারোয়ার আলমগীর। তবে তার প্রার্থিতা নিয়ে আইনি জটিলতার কারণে নির্বাচনে বিজয়ী হলেও সুপ্রিম কোর্টের নির্দেশে তার ফলাফল প্রকাশ স্থগিত ছিল।
এর আগে নির্বাচন কমিশন ঋণখেলাপির অভিযোগে সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করলে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিয়ে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের নির্দেশ দেন এবং এ বিষয়ে রুল জারি করেন।
পরে একই আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের অনুমতি (লিভ টু আপিল) চান। আপিল বিভাগ আবেদন মঞ্জুর করে গত ৩ ফেব্রুয়ারি আদেশ দেন, সারোয়ার আলমগীর নির্বাচনে বিজয়ী হলে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ক্ষেত্রে প্রযোজ্য নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।
এর ধারাবাহিকতায় গত ৩১ মার্চ নিয়মিত আপিল দায়ের করা হয়। আপিলের শুনানি শেষে গত ১৬ জুন আপিল বিভাগ হাইকোর্টকে দ্রুত, সম্ভব হলে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত রাখার আগের আদেশ বহাল রাখেন।
আপিল বিভাগের নির্দেশনার পর রিটটি চূড়ান্ত শুনানির জন্য কার্যতালিকাভুক্ত হয় এবং শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রুল নিষ্পত্তি করেন। এর ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা থাকল না।
এ অবস্থায় নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনের ফলাফলের গেজেট প্রকাশ করবে। গেজেট প্রকাশের পর সংবিধান ও প্রচলিত বিধি অনুযায়ী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন এবং এরপর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন।
ফারুক, চট্টলা২৪

