ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশের যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে এবং কাউকে সহায়তাবঞ্চিত রাখা হবে না।
বুধবার (৮ জুলাই) চট্টগ্রামের বন্যা ও পাহাড়ধসপ্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, এর আগে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিয়ে সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের ব্যবস্থা করার নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পরই প্রতিমন্ত্রী বৈরী আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রামে এসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন। তিনি বায়েজিদ থানার বাংলাবাজার ব্যাংক কলোনি এলাকার পাহাড়ের ফাটল পরিদর্শন করে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানান এবং দ্রুত সরকারি সহায়তার আশ্বাস দেন।
এ ছাড়া জালালাবাদের বটতলা, দক্ষিণ পাহাড়তলীর খিল্লাপাড়া, হাটহাজারীর মেখল ইউনিয়নের ইছাপুর এবং হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপুর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। তিনি এক ভিডিও বার্তায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও তরুণ সমাজকে সমন্বিতভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

