চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী শিশু জান্নাতুল নেসা (ইরা মনি) হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ঘোষণা করা হবে। বিকেল ৩টায় চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলেয়া এ রায় ঘোষণা করবেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই রায় ঘোষণার দিন নির্ধারিত থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে দেওয়া হয়। পরে আজ বৃহস্পতিবার বিকেল ৩টাকে রায় ঘোষণার নতুন সময় নির্ধারণ করা হয়।
মামলার একমাত্র আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যম পুলুপাড়া এলাকার বাসিন্দা বাবু শেখ (৪৫)। গত ৩০ জুন তিনি আদালতে সাফাই সাক্ষ্য দেন। এরপর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত প্রথমে ৭ জুলাই রায়ের দিন ধার্য করেছিলেন।
মামলাটিতে ছয় কার্যদিবসে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। অভিযোগপত্র দাখিলের মাত্র ১২ কার্যদিবসের মধ্যেই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছায়, যা দ্রুত বিচার কার্যক্রমের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
মামলার নথি অনুযায়ী, নিহত ইরা মনি সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা মাস্টারপাড়ার টমটমচালক মনিরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ১ মার্চ চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত বাবু শেখ শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন-সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি প্রকাশ করে দেওয়ার কথা বললে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইরা মনিকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহত শিশুটির মা সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ১১ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৮ জুন অভিযোগ গঠনের পর ২১ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সেই বহুল আলোচিত মামলার রায় আজ বিকেল ৩টায় ঘোষণা করবেন আদালত।

