চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনায় জরুরি সভা ডেকেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টায় চসিকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
চসিকের মেয়র ও জলাবদ্ধতা-সংক্রান্ত ১৯ সদস্যের সমন্বয় কমিটির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন সভায় সভাপতিত্ব করবেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ শাখা থেকে জারি করা সভার নোটিশে বলা হয়েছে, মহানগরীর খাল ও পানি নিষ্কাশন নালাগুলো সারা বছর সচল রাখা এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে এ জরুরি সভা আহ্বান করা হয়েছে।
সভায় জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণ, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হবে।
সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের (সিটি কর্পোরেশন-১ শাখা) উপসচিব, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক, সিডিএর সদস্য (প্রকৌশল), চসিকের সচিব, প্রধান প্রকৌশলী ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সিডিএ ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক, আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এবং চসিকের খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ফারুক, চট্টলা২৪

