চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্ষা মৌসুমে নগরবাসীর দুর্ভোগ কমাতে খাল, নালা ও পানি নিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে চসিকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মহানগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিরসনে গঠিত ১৯ সদস্যের সমন্বয় কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
সভায় চলমান বর্ষা মৌসুমে জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সংস্থার কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি করণীয়, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং পানি নিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পগুলোর বাস্তবায়নে গতি বাড়ানো, খাল ও নালা নিয়মিত পরিষ্কার রাখা, পানি প্রবাহে প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যালোচনার মাধ্যমে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আবহাওয়া অধিদপ্তর, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফারুক, চট্টলা২৪

