সময় গড়িয়েছে ১৫ বছর। তবুও ২০১১ সালের ১১ জুলাইয়ের দিনটি আজও দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ও মঘাদিয়া ইউনিয়নের অসংখ্য মানুষের জীবনে।
একটি দুর্ঘটনা মুহূর্তেই নিভিয়ে দিয়েছিল ৪৫ পরিবারের স্বপ্নের প্রদীপ। ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে সড়কের পাশের ডোবায় একটি মিনি ট্রাক উল্টে পানিতে ডুবে মারা যায় ৪৩ জন শিক্ষার্থীসহ ৪৫ জন। একসাথে এতগুলো কোমল প্রাণের মৃত্যু শুধু মিরসরাই নয়, স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে।
সেদিন দুপুরে মিরসরাই উপজেলা স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উপভোগ শেষে গাদাগাদি করে একটি মিনি ট্রাকে বাড়ি ফিরছিল শিশুরা। উপজেলার আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই আনন্দমুখর সেই যাত্রা পরিণত হয় হৃদয়বিদারক শোকে।
জানা গেছে, ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই স্টেডিয়ামে খেলা শেষে বিজয়োল্লাস করতে করতে একটি মিনি ট্রাকে করে আবুতোরাবে ফিরছিলেন শিক্ষার্থীরা। বিকেলে উপজেলার সৈদালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও মিনি ট্রাকের নিচে আটকে পড়া শিশু-কিশোরদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। একে একে উদ্ধার করা হয় ৪৫টি লাশ।
সোহাইল, চট্টলা২৪

