বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে বেড়িবাঁধ নির্মাণের জন্য বরাদ্দ অর্থের এক টাকাও দুর্নীতি বা লুটপাট হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

রোববার (১২ জুলাই) দুপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আনোয়ারার উপকূলীয় এলাকার কয়েকশ পরিবার এখনও পানিবন্দী। স্থানীয়দের অভিযোগ, বেড়িবাঁধের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বেড়িবাঁধ নির্মাণের জন্য বরাদ্দ বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে। তবে চলতি বাজেটে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার বরাদ্দের এক টাকাও দুর্নীতি বা লুটপাট হতে দেওয়া হবে না।

তিনি বলেন, “বেড়িবাঁধের বিষয়টি আমরা সংসদে তুলব। স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন যেন স্বচ্ছতার সঙ্গে এই অর্থ ব্যয় করে এবং দ্রুত মানুষের দুর্ভোগ দূর করতে পারে, সে বিষয়ে আমরা কাজ করব।”

এনসিপির আহ্বায়ক আরও বলেন, দলের সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে এবং নেতাকর্মীদেরও সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, দেশের মানুষ এখন চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং সবাইকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিকসহ দল ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...