দীর্ঘ তিন বছর পর আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট অধিবেশন। অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার প্রাক্কলিত রাজস্ব বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের ৪৮৯ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকার সংশোধিত রাজস্ব বাজেট উপস্থাপন করা হবে।
রোববার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ৩০ জুলাই। এরপর টানা তিন বছর আর কোনো সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থাগুলোর অন্যতম সিনেট। এ অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসাব, বাজেট অনুমোদন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে।
ফারুক, চট্টলা২৪

